প্রিয় পাঠকবন্ধুগণ,
নমস্কার। শুরুতেই আপনারা সবাই শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নেবেন। বড়দের সশ্রদ্ধ প্রণাম আর ছোটদের প্রাণভরা ভালোবাসা জানাই।
আজ (৪ঠা নভেম্বর, ২০২৬) আমাদের এই ‘বিজ্ঞানের শব্দভাণ্ডার’ ওয়েবসাইটটি পাঁচ বছরে পা দিল। এই উপলক্ষ্যে আপনাদের সকলকে জানাই আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই পাঁচ বছরে অনেক জ্ঞানী-গুণী ব্যক্তিদের সহ আপামর পাঠকবৃন্দের আন্তরিক শুভেচ্ছা, উৎসাহ, স্নেহ ও ভালোবাসা আমাদের বিজ্ঞানচর্চার এই পথকে অনেকটাই প্রশস্ত করেছে। অনেকের, বিশেষ করে বাংলা ভাষায় বিজ্ঞানচর্চাকারী ও বিজ্ঞানপ্রেমীদের এই বিজ্ঞান পরিভাষার ওয়েবসাইটটি খুব কাজে লেগেছে জেনে বেশ ভালোই লাগে ও এটা ভেবে খুশি হই আর মনে মনে কিছুটা হলেও স্বস্তি বোধ করি।
পাঁচ বছর আগে অর্থাৎ ২০২১ সালের এদিন ছিল শুভ কালীপুজো তথা আলোর উৎসব বা দীপাবলীর আবহ। এই আলোর উৎসবের মাঝেই প্রতিজ্ঞা ছিল যে বাংলা তথা মাতৃভাষায় বিজ্ঞানচর্চার যাবতীয় অন্ধকার ঘুচিয়ে বাংলা ভাষায় বিজ্ঞানের শব্দভাণ্ডারের ওপর আলো ফেলে বাংলায় বিজ্ঞানের পরিভাষা, বিজ্ঞানের নানান শব্দাবলী ও সর্বোপরি বঙ্গীয় বিজ্ঞানচর্চার জগতকে আলোকিত করার। কাজটা দীর্ঘ বছর অধ্যাবসায়ের ফল এবং যা আজও চলছে তাই নেহাতই সহজ নয়। সেদিন বিজ্ঞানের শব্দভাণ্ডার ওয়েবসাইটটি উদ্বোধন করেছিলেন বাংলা ভাষায় স্বনামধন্য বিজ্ঞান লেখক ও বিজ্ঞানী শ্রদ্ধেয় অধ্যাপক পার্থসারথি চক্রবর্তী মহাশয়। তাঁর অকৃত্রিম স্নেহ, উৎসাহ, অনুপ্রেরণা ও আশীর্বাদে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে চলেছি। তাঁর আশীর্বাদ ও মূল্যবান মতামত আমাদের পাথেয় যা আমাদের পরম সৌভাগ্যও বটে। বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার ক্ষেত্রে ও বিজ্ঞানের শব্দভাণ্ডার প্রসারের ক্ষেত্রে কাজ অনেকটাই বাকি। তাই, এভাবেই আমাদের পাশে ও সাথে থেকে আমাদের আগামীর পথ প্রশস্ত করুন। সকলকে দীপাবলী ও শুভ কালীপুজোর আগাম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বৈজ্ঞানিক মেজাজে বিজ্ঞানচর্চায় মজে থাকবেন।
🙏🏻🌹🪔🌼🙏🏻
ধন্যবাদান্তে
ইন্দ্রনীল মজুমদার,
কলকাতা।


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন